ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে ইরান চাইলে আলোচনার টেবিলে ফিরতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াল্টজ জানান, আলোচনায় ফিরতে হলে ইরানকে ‘সৎ উদ্দেশ্য’ নিয়ে এগিয়ে আসতে হবে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিওও তিনি পোস্টের সঙ্গে যুক্ত করেন।
অনুষ্ঠানে ওয়াল্টজ ইরানকে বিশ্বের সবচেয়ে বড় ও সক্রিয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের ছাতার নিচ থেকে বিশ্বকে জিম্মি করতে না পারে এবং হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করা ট্রাম্পের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য থেকে প্রেসিডেন্ট সরে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়েও ইরান আলোচনায় ফেরার বিষয়ে শর্ত দিয়েছে এবং কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে।
বর্তমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার সুযোগ খোলা রাখার পাশাপাশি সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার বার্তা দেওয়া হলো।