
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪২

আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী ফুটবলার পেলেকে। তবে পেলে নিজেই জানিয়েছেন, তাকে কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। প্রতি মাসে হাসপাতালে গিয়ে কেমোথেরাপি নিতে হয় পেলেকে। সেই থেরাপি নিতেই রোববার (১৩ ফেব্রুয়ারি) ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই কিংবদন্তি ফুটবলারকে।
৮১ বছর বয়সী পেলের কোলনে টিউমার ধরা পড়ে ২০২১ সালে। সে বছরেই সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হতে হয় ফুটবলের রাজাকে। ৪ সেপ্টেম্বর অপারেশনের মাধ্যমে তার টিউমারটি বাদ দেওয়া হয়। তারপর থেকেই প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভারে পেলে এখন আর একা চলতে পারেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে। তবে পেলে মানসিকভাবে এখনো বেশ শক্ত আছেন।
হাসপাতালে ভর্তির খবর জানাতে পেলে বেছে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিজের হাসিমুখের ছবি দিয়ে লিখেছেন, ‘বন্ধুরা, যেহেতু আমাকে প্রতি মাসে এটা (ফলোআপ) করাতে হচ্ছে। তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।’

তিনি মজা করে বলেন, হাসপাতালে সময় কাটাতে তিনি এরই মধ্যে একটা বিশাল টিভি ও পপকর্ন অর্ডার করেছেন। বন্ধু টমব্র্যাডি না খেললেও তিনি সুপার বোল (রাগবি) দেখতে চান। নিজের বার্তায় সকলকে ধন্যবাদ জানান পেলে।

কেমোথেরাপি নিতে পেলে এখন সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি আছেন।