আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আগেভাগে বিয়ের ঘোষণা দিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
পরীমনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না কী করব।’
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, বিয়ে করতে হলে একজন অভিভাবকের প্রয়োজন। বর্তমানে সেই জায়গায় তার পাশে কেউ নেই। তাই এখনই বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেখছেন না।
অভিনেত্রীর ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
এদিকে রোববার রাতেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক পরীমনি জানান, স্পেন শক্তিশালী দল হলেও তার বিশ্বাস, শেষ পর্যন্ত শিরোপা উঠবে লিওনেল মেসির হাতেই। একই সঙ্গে তিনি মেসির গোল্ডেন বুট জয়েরও প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা নিয়মিত জানিয়েছেন পরীমনি। আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি মেসিকে নিয়েও একাধিক পোস্ট করেছেন তিনি। গত বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ার পায়।