
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৬:৫২

বাংলাদেশের মানুষের জন্য অসম্ভব সুন্দর একটা সকাল। বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের বুধবার (৫ জানুয়ারি) ২০২২ তারিখটা মনে থেকে যাবে আমৃত্যু। আজকের দিনেই যে ইতিহাস গড়েছে টাইগাররা।
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ৮ উইকেটে হারিয়ে যে ইতিহাস গড়েছে সেটা নিঃসন্দেহে অন্যসব ম্যাচের তুলনায় অনেক বেশি আনন্দের। যে দেশের মাটিতে গত এগারো বছরে জয় পায়নি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। সে দেশেই বাজিমাৎ করে দেখাল মুমিনুলরা।
নিজেদের ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারানোর গৌরব উদযাপন করেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সবাই গেয়েছেন ‘আমরা করব জয়’ গান। তার আগে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের জয় উদযাপনের ভিডিও।নতুন বছরের শুরুতেই কিউইদের বিপক্ষে এই জয় গোটা বছরের প্রেরণা হয়ে থাকবে টাইগার ক্রিকেটের জন্য। সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ক্রাইস্ট চার্চে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি