করোনায় রোজগার বন্ধ হওয়ায় আড়াই মাসের কন্যা সন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় এক দম্পতির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালে। পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে।
বিবিসি জানিয়েছে, ওই এলাকার বাসিন্দা বাপন ধাড়ার স্ত্রী সওয়া ২ মাস আগে কন্যা সন্তানের জন্ম দেন। তবে লকডাউনে রোজগার বন্ধ হওয়ায় কোলের শিশুকে সামান্য অর্থের বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির কাছে মেয়েকে বিক্রি করে দিয়েছেন তারা।
খবরে বলা হয়, বাপন ধাড়া মুম্বাই, হায়দ্রাবাদের মতো নানা শহরে ঘুরে শ্রমিকের কাজ করতেন, আর তার স্ত্রী পরিচারিকার কাজ করতেন। কিন্তু লকডাউনের কারণে দুজনেরই সব রোজগার বন্ধ হয়ে যায়।
জেলা চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত বলেন, কয়েকদিন আগে হাওড়ার এক দম্পতির কাছে মেয়েকে বিক্রি করে দেয়ার খবর পেয়ে বাপন ধাড়ার বাড়িতে যাই।
তিনি বলেন, তারা সত্যিই খুব দরিদ্র। ঘরে কোথাও ত্রিপল টাঙ্গানো, কোথাও টালি লাগানো। আমরা যখন জানতে চাই যে কেন সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন, তখন ভদ্রলোক বলেন বিক্রি নয়, সন্তানকে লালন-পালন করার জন্য এক দম্পতিকে দিয়েছেন।