
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ০:৩

সিঙ্গাপুর করোনাভাইরাসের প্রভাবের শুরু থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সফলতা দেখিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন ।কিন্তু গত একমাসে সেই সাফল্যে যেন কিছুটা ভাটা পড়েছে। মার্চের শুরুতেও দেশটিতে করোনা আক্রান্ত রোগী ছিলেন একশ’র মতো। কিন্তু মাস শেষ না হতেই সেই সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। একারণে করোনার বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে আমাদের এখনই দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত। একারণে ধীরে ধীরে বাড়ানোর পরিবর্তে আগামী কয়েক সপ্তাহ চূড়ান্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছি আমরা।নতুন নির্দেশনা অনুযায়ী, খাদ্যপ্রতিষ্ঠান, বাজার, সুপারমার্কেট, হাসপাতাল, ক্লিনিক, জরুরি পরিবহন ও প্রধান ব্যাংকিং সেবাগুলোই শুধু চালু থাকবে। এর বাইরে যাবতীয় ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, অনুষ্ঠান বন্ধ। তবে নিষেধাজ্ঞা চলাকালে বিকল্প উপায়ে (অনলাইনে) শিক্ষার্থীদের গৃহশিক্ষার ব্যবস্থা করা হবে।দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ১১৪ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন পাঁচজন।

