
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১৯:৬

ক্রমে আক্রান্তের সংখ্যার হার বাড়ছে। ক্রমে ভারতে আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে করোনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে হয়েছে ৫৬। আক্রান্তের সংখ্যা প্রায় ২৩০১। আবার অন্য সূত্রে খবর, একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৫০০ জন নাগরিক। এক ধাক্কায় এতটা সংখ্যা বৃদ্ধি সত্যিই চিন্তায় ফেলেছে প্রশাসনকে। নতুন করে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বদোদরায় একজনের মৃত্যু হয়েছে আজ। রাজস্থানে নতুন করে ১৪ জনের সন্ধান পাওয়া গিয়েছে যাঁরা করোনা আক্রান্ত। আছে আশার খবরও। ভিলওয়ারায় দু’জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়া, আজ ক্রীড়া জগতের বিশিষ্ট মানুষদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বসার কথা রয়েছে রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁরা এদিন কথা বলবেন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তৈরি করোনা ভাইরাস বিশেষ কমিটির সঙ্গে।

সূত্র: নিউজ১৮বাংলা