জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ঢাকায় পাঠানো সেই সবজি বিক্রেতা আক্কাস আলী সরদার (৬০) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ব্যবস্থা দিয়ে ফেরত পাঠানোর পর রাজবাড়ী আসার পথে রাত ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরির মধ্যে তিনি মারা যান।
জানা গেছে, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সযোগে মঙ্গলবার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পৌঁছান আক্কাস আলী সরদার। তাকে ভর্তি না নিয়ে সেখানকার ডা. মামুন নামে একজন মেডিকেল অফিসার ৭ দিনের ওষুধ লিখে দিয়ে রাজবাড়ীতে ফেরত পাঠান। সেখান থেকে রাজবাড়ী ফিরে আসার পথে রাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরীর মধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন আক্কাস আলী সরদার। পরে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও এক্স-রে রিপোর্ট বিশ্লেষণ করে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি না করে পরীক্ষা-নিরীক্ষা করে ৭ দিনের ওষুধ লিখে দিয়ে রাজবাড়ীতে ফেরত পাঠানো হয়। ফিরে আসার সময় ফেরির মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত আক্কাস সরদার রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত গুলবক্স সরদার। তিনি দীর্ঘদিন ধরে টিবি (যক্ষ্মা) ও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।