
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ২০:১

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের পানিশাইল এলাকায় এক ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের তিন মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।নিহতরা হলেন দিনমজুর মোশারফ হোসেন, তার স্ত্রী হোসনে আরা এবং তাদের মেয়ে মোহিনী। মোশারফ হোসেন পানিশাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বড় গোবিনাথপুর গ্রামে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর আড়ার সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মোশারফ হোসেনের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার আহসানুল হক বলেন, ঘটনাস্থল থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে স্বামী মোশারফ হোসেন তার স্ত্রী ও শিশু কন্যাকে বিষপান করিয়ে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইনিউজ ৭১/ জি.হা