
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৯:২৯

মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন সবার সঙ্গে সম্মানের সঙ্গে মানবিক আচরণ করেন- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারা দেশের ডিসিদের এমন নির্দেশ দেওয়া হয়েছে।যশোরের মনিরামপুর উপজেলার এক এসিল্যান্ডের বিতর্কিত কাজের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আজ শনিবার (২৮ মার্চ) সকালে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে এই ক্ষেত্রে কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যাবে না। এই বার্তাটি সব ডিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ইউএনও-ম্যাজিস্ট্রেটসহ মাঠ প্রশাসনের দায়িত্বশীলদের কাছে তা পৌঁছে দেবেন।

