
প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ১৭:৪১

চলতি অক্টোবর মাস থেকেই রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনটি চালু হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (২ অক্টোবর) প্রতিষ্ঠানটির সূত্রে এ তথ্য জানা গেছে।
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার ফলে স্টেশনটির কন্ট্রোলরুম, ডিসপ্লে, ক্যামেরা, টিভিএম এবং প্যাসেঞ্জার গেটসহ প্রায় সব যন্ত্রপাতি ক্ষতির শিকার হয়। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতিগুলোর সিস্টেম ও ডিজাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের নিজস্ব, ফলে অন্য কোন কোম্পানি থেকে এসব যন্ত্রপাতি কিনে পাওয়া যায়নি।
স্টেশনটি দ্রুত চালু করার লক্ষ্যে ডিএমটিসিএল সিদ্ধান্ত নিয়েছে, অপেক্ষাকৃত কম যাত্রী চাপ রয়েছে এমন অন্যান্য স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে মিরপুর-১০ স্টেশন চালু করা হবে। এছাড়া, ট্রেনিং সেন্টার থেকে কিছু যন্ত্রাংশও আনা হবে, যা খরচ কমাতে এবং যাত্রীদের দ্রুত সেবা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, "সড়ক উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মিরপুর-১০ স্টেশনটি দ্রুত চালুর প্রস্তুতি চলছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে যাত্রীরা অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারেন।"

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগের পর কর্তৃপক্ষ ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয়। হামলার পর, গত ২৫ আগস্ট মেট্রোরেলের কাজীপাড়া এবং মিরপুর-১০ স্টেশন বাদে অন্যান্য স্টেশন চালু করা হয়। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি পুনরায় চালু করা হয়েছে।
এদিকে, মিরপুর-১০ স্টেশন চালু হলে ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হবে, যা যাত্রীদের জন্য দ্রুত এবং সুবিধাজনক যাতায়াতের ব্যবস্থা করবে। এখন মেট্রোরেল প্রকল্পের অন্যান্য স্টেশনগুলো চালুর অপেক্ষায় রইল ঢাকার সাধারণ জনগণ।