বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে আদালতের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার বিষয়েও পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।