
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৮:২৬

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান।
সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর সীমান্ত এলাকায় বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সীমান্তে নিহত বাংলাদেশি মুজিবুর রহমানের ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।

সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
দলীয় নেতারা জানান, এই সফরে সীমান্ত পরিস্থিতি, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, স্থানীয় রাজনৈতিক পরিবেশ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার প্রশ্নে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই সফরকে রাজনৈতিক ও জনসম্পৃক্ততার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।