সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার ভোররাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিফু আহমেদ আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আসিফ। পথে রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরবর্তীতে তাকে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।