ড. ইউনূসসহ পাঁচ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন
ডেস্ক রিপোর্ট ॥ দেশে হাম ও রুবেলার টিকা সংকট এবং এর ফলে শিশুমৃত্যুর অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদন করেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
মামলার আবেদনে বলা হয়েছে, ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেওয়ায় দীর্ঘ সময়ক্ষেপণ ঘটে। এর ফলে দেশে হাম ও রুবেলার টিকার সংকট তৈরি হয় এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সময়ে প্রায় ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এছাড়া ৭৫ হাজারের বেশি শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে বলেও উল্লেখ করা হয়।
মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সকে। অভিযোগ অনুযায়ী, তিনি স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্কবার্তা পাঠিয়ে টিকার সরবরাহ ব্যবস্থা সচল রাখার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
অভিযোগপত্রে চট্টগ্রামের মীরসরাই এবং ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, টিকা সরবরাহে অবহেলা ও সিদ্ধান্তহীনতার কারণে জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে।
এদিকে আদালত এখনো মামলাটি আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।