নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) এবং মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২)। তারা দুজনেই ভর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রিন্সের বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ একটি বিশেষ দল সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং প্রায় দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়ভাবে মাদক সরবরাহ করত।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত আত্রাই গড়ে তুলতে ভবিষ্যতেও অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।