নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বসবাসরত বেদে সম্প্রদায়ের অস্থায়ী পল্লীতে ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। নদীর তীরবর্তী এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি বেদে পরিবার দীর্ঘদিন ধরে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন।
ঝড়ের তীব্রতায় একটি বড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে পল্লীর ওপর। এ সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন অন্তঃসত্ত্বা নারী আরাফাতুন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বেদে পল্লীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নদীর তীরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করায় প্রাকৃতিক দুর্যোগে এমন দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকে। তারা বেদে সম্প্রদায়ের নিরাপদ পুনর্বাসনের দাবি জানিয়েছেন।