বরিশাল নগরীর এলএইচডি ঘাট বস্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং তা পাশের জাপান বেপারি ও ইউনুস খানের ঘরও পুড়ে যায়।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। মাত্র ১৪ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে দেড় শতাধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। তিনি বলেন, “রাতে এই অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। তবে আগুনের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬–৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। প্রশাসনও এলাকায় সতর্কতা জোরদার করেছে।