
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ২:৩৮

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (১৯ মার্চ) রাতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে পুরাতন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্টিল শেডের ওই একতলা কারখানায় আগুনের সংবাদ পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও একটি এবং সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে কারখানার ওয়্যারহাউজে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউজ একসঙ্গে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, এই মুহূর্তে আমরা ৭টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণে এলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ জানান, আজ শনিবার সন্ধ্যায় পুরাতন ডিইপিজেডের ভেতর প্যাকজার কারখানায় আগুনের খবর পান তারা। পরে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।