
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ২২:২৮

বরিশালে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা-কর্মীরা। নগরের মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে কেক কাটার মধ্য দিয়ে বরিশালে শুরু হয় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাদ, রাজীব আহমেদ, রইজ আহম্মেদ মান্নাসহ সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও মঙ্গলবার সকাল ৯ টার দিকে জাতির জনকের মূরাল্যে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের শ্লোগানে মুখরিত করে।

সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র্যালি ও শোভাযাত্রা এবং ছাত্র সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পরে বেলা ১২ টার দিকে নগরীতে ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এর আগে সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আনন্দ মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে আসে নেতাকর্মীরা।