
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৪:২৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর একটি ভোট কেন্দ্রে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকেরছড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র ফেডারেশন সেন্টারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে । বুলেট একজনের চোখে লাগে এবং কয়েকজনের পায়ে বিদ্ধ হয়।

ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, জরুরি বিভাগে আট ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুইজন চোখে আঘাত নিয়ে এসেছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুইজনের পায়ে ক্ষত রয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হযেছে।
বুলেট ছোঁড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
