
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ২০:৪০

২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট, ঘাট সংকট ও ফেরি সংকটের কারণে উভয় ঘাটে চলমান রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। নদী পারাপার হতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে দুর্ভোগ হচ্ছে এই নৌরুটে চলাচলকারীদের।
সোমবার (৯ নভেম্বর) সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সংশ্লিষ্টদের সাথে কথা বলে এবং ফেরি ঘাট এলাকা সরেজমিন ঘুরে এমনি চিত্র দেখা যায়। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় সাড়ে ৪ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো গত ২৪ ঘণ্টায়ও নদী পার হতে পারছে না। এতে চরম দুর্ভোগ শিকার করছে যানবাহন চালক ও যাত্রীরা এবং লোকসান গুনছে সাধারণ ব্যবসায়ীরা
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া পয়েন্টে নাব্যতা সংকটের কারণে ৩টি ঘাট বন্ধ রয়েছে। মাত্র ২টি ঘাট দিয়ে ফেরি পার করা হচ্ছে। দৌলতদিয়াও ৩টি ঘাট বন্ধ রয়েছে। ৪টি ঘাট দিয়ে ফেরি পার করা হচ্ছে। এবং নদীতে নাব্যতা সংকট থাকায় উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে।
এ সময় কামরুল শেখ নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, গত কাল সোমবার রাত ৮ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি। এখনও সামনে ১৫০-২০০শত গাড়ী রয়েছে। কখন ফেরিতে উঠতে পারবো জানি না। এরকম দুর্ভোগ প্রতিনিয়ত পরতে হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
যশোর থেকে ঢাকা গাজীপুর গামী এক নারী যাত্রী বলেন, রাত ১টার সময় ফেরির জন্য অপেক্ষা। সকাল ৭টা বাঁচলেও ঘাটেই বসে আছি। সারারাত শিশু বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আরও কত সময় বসে থাকতে হবে, সেটা কেউ বলতে পারছি না। এমন কষ্টে ফেরি ঘাটে আসলেই করতে হয়।

নাসির নামের আরও এক ট্রাক চালক বলেন, যানজটের কারণে দৌলতদিয়া ঘাটে ১/২ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হয়। তারপরও খোলা খাবার অতিরিক্ত টাকা ব্যয় করে খেতে হয়। সময় মত ঘুমাতে পারি না। সময় মত রেষ্ট নিতে পারি না। সব মিলে যানজটের কারণে নানা প্রকার সমস্যা মোকাবেলা করে নদী পার হতে হয়।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, নদীতে নাব্যতা সংকট এবং ফেরি সংকট থাকার কারণে কিছু যানবাহন প্রতিনিয়ত ফেরি পারের অপেক্ষায় থাকে। তবে নাব্যতার কারণে উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।