
প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ০:৪০

মোংলার কানাইনগরের পশুর নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাইকৃত ৩৫০ কেজি ওজনের ৯ ফিটের ২০টি এসএস পাইপ ও ৬০ কেজি ওজনের ১৮ ফিটের ৩৯ টি এসএস পাইপ ও নৌকা জব্দ করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড।
সোমবার ৮ নভেম্বর সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কানাইনগরের পশুর নদীর একটি খালে অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা মোট ৫৯ টি পাইপ জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামান সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইজ মংলার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত কানাইনগরের পশুর নদীর একটি খালে পরিত্যক্ত অবস্থায় নৌকাভর্তি ৩৫০ কেজি ওজনের ৯ ফিটের ২০টি এসএস পাইপ ও ৬০ কেজি ওজনের ১৮ ফিটের ৩৯ টি এসএস পাইপ ও নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চোরাকারবারীরা এসব ছোট বড় আকারের এসএস পাইপ চুরি করে এনে বিক্রয় করে থাকে। মোংলার কানাইনগর ও আশপাশ এলাকার একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন পণ্য পাচারের সাথে জড়িত এবং কোস্টগার্ড সদস্যরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। জব্দকৃত এসএস পাইপ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর দিবাগত রাতে চুরি করে আনা ৩৫০ কেজি ওজনের ২০ ফিটের ২৩ টি এসএস পাইপ ও দুটি নৌকাসহ রবিউল ইসলাম (২৮) নামের একজন চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ড। ওইদিন জব্দকৃত এসএস পাইপের মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরো বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।