
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ২১:৫১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণার লড়াই বেশ জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদ প্রার্থীরা। নির্বাচনী এলাকাগুলো প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। সেই সঙ্গে মাইকে জনপ্রিয় বিভিন্ন গানের সুরে সুরে চলছে প্রচারণা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাটে-মাঠে-ঘাটে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সন্ধ্যায় রাস্তায় রাস্তায় মিছিল দিচ্ছেন কর্মী-সমর্থকরা। গভীর রাত পর্যন্ত চলছে উঠোন বৈঠক।
শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব চিত্র দেখা গেছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পাইকেরছড়া ইউনিয়নের ব্যাপারীটারী গ্রামের বাসিন্দা সাইফুর রহমান বলেন, আমাদের ইউনিয়নটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন। যিনি চেয়ারম্যান হবেন তিনি যেন নদী ভাঙন রোধে কাজ করেন।

জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার স্থানীয় বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, সব প্রার্থীই ভোট চাচ্ছেন, তবে যিনি সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন আমরা তাকেই ভোট দেবো। তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা আবুল বাসার বলেন, আমরা চাই একজন দেশপ্রেমিক সৎ ও যোগ্য ভালো মানুষ তিনি যে দলেরই হন না কেন চেয়ারম্যান নির্বাচিত হোক। যার দ্বারা দরিদ্র ও অসহায় মানুষ তাদের আধিকার থেকে বঞ্চিত হবেন না।
আন্ধারীঝাড় ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এটিএম গাজীউর রহমান জানান, চেয়ারম্যান হিসেবে ইউনিয়নবাসীর সেবা করেছে। গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আশা করছি ইউনিয়নবাসী পুনরায় আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন।
নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, আগামী ৯ নভেম্বর রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।