
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ২৩:২৫

ভোলার লালমোহনে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসানোর প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনগন। অভিযুক্ত শাহাবুদ্দিন গত লালমোহন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহাবুদ্দিন একজন নারীলোভী ও সন্ত্রাসী। তিন বিয়ের পরেও এলাকার স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এবং গত সোমবার ওই ছাত্রীকে নিয়ে উধাও হয় সে। এ নিয়ে থানায় অভিযোগ পরবর্তী মেয়েকে ফিরে পেলেও শঙ্কা কাটেনি স্কুল ছাত্রীর বাবা ইউসুফ ও তার পরিবারের।
শাহাবুদ্দিনের ৫ ভাইয়ের মধ্যে সকলেই নারীলোভী একই সাথে মাদক, জুয়া, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত তারা। এ পরিবারের অত্যাচারে অতিষ্ট এলাকার মানুষ। সে নিজে যেমন ৩ বিয়ে করেছে, তার আরও দুই ভাইও তিনটি করে বিয়ে করেছে। তবুও ওই পরিবারের নারীর লোভ কাটেনি। তাই ইউসুফের পরিবারের মত যাতে আর কোনও পরিবারকে অপমান ও হেনস্তার শিকার হতে না হয়, তাই শাহাবুদ্দিন ও তার পরিবারকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে উপস্থিত জনতা।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন, পৌরসভা ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদ, ৩নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুল ছাত্রীর বাবা ইউসুফ এবং মাসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংসসহ হেয় করার জন্য একটি চক্র মানববন্ধনটি করেছে।