
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ৩:৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ ভটভটির ধাক্কায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পথচারীরা ওই ভটভটিকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত শিশুটির নাম সানিয়া খাতুন। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের রফিকুল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালের দিকে শিশুটি তার মায়ের সাথে ভূরুঙ্গামারীর মাদার ক্লিনিক এন্ড নার্সিং হোমে এসে ক্লিনিকের অদূরে রাস্তার পাশে অবস্থান করছিল। এসময় একটি অবৈধ ভটভটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দিলে ভটভটির ধাক্কা খেয়ে অটোরিকশাটি শিশুটিকে ধাক্কা মারে। এতে শিশুটি একটি দেয়ালের উপর পড়ে গিয়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত পায়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে শিশুটি মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, আহত শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে মারা গিয়েছে। ভটভটিকে থানায় আনা হয়েছে। শিশুটির পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি