
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০:২

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি জিল্লুল হাকিম এমপি ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ব্যাপক গণসংবর্ধনা প্রদান করেছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী।

সংবর্ধনা সভায় সংবর্ধিত দুই নেতাকে ফুল, ক্রেষ্ট ও অন্যান্য উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন সমূহ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সংগঠন,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দুই নেতাকে এ সম্মাননা জানান। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সভা সঞ্চালনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, সাবেক নেতা প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, অ্যাডভোকেট উমা সেন,অ্যাডভোকেট সফিকুল ইসলাম সফিক, অ্যাডভোকেট উজির আলী শেখ,সফিকুল ইসলাম সফি,গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল প্রমূখ।
সংবর্ধনার জবাবে দুই নেতা আয়োজকদের ধন্যবাদ জানান। তারা আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন মৃধা ও আমজাদ হোসেনকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানান।