
বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সমগ্র দেশের মতো বরিশালেও লকডাউন চলছে। সাত দিনের কঠোর লকডাউন মেনে চলতে গত মঙ্গলবার থেকেই মাঠে রয়েছে পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) কঠোর লগডাউনের প্রথম দিন বরিশালের রাস্তাঘাট জনশূন্য রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। তাছাড়া প্রথম রমজান হওয়ায় অনেকেই বাড়িতে অবস্থান করছেন।
নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে জরুরী প্রয়োজন ব্যতীত কাউকে রাস্তায় নামতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরী পরিসেবা ব্যতীত বন্ধ রয়েছে সব ধরণের বিপনি বিতান ও গণপরিবহন চলাচল। তবে কাঁচাবাজার লাগোয়া স্থানগুলোতে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। বাজার করতে আসা লোকজন অনেকেই মাস্ক ব্যবহার করছেন না।
এদিকে নগরীর ব্যস্ততম নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, সারিবদ্ধভাবে দাড়িয়ে রয়েছে গণপরিবহন। ফলে যাদের একান্ত প্রয়োজন এমন ধরণের মানুষদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছতে হচ্ছে। জরুরী চিকিৎসা সেবা নিতেও পায়ে হেঁটেই আসতে হচ্ছে।

এছাড়া মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী এ্যাম্বুলেন্স চলাচলের পাশাপাশি কিছু থ্রি হুইলার ও ব্যাক্তিগত মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। অবশ্য পুলিশের চেকপোষ্টে তাদেরকে আটকে দেয়া হচ্ছে। তবুও নানান অজুহাত দেখিয়ে অনেকে চলাচল করছে।
সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। মানুষ যাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখছে। যাদেরই সন্দেহ করা হচ্ছে, তাদের আন্তরিকতার সাথে বুঝিয়ে ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১