
আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই মানুষ মাত্রই ভুল বা পাপ হতে পারে কিন্তু একজন প্রকৃত আল্লাহর বান্দা সে একই ভুল বার বার করে না। বর্তমান বিশ্বময় মহামারি চলছে। এরপরও আমরা প্রতিনিয়ত নানান পাপ কর্মে লিপ্ত। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর কাছে তাওবা করা।কেননা আমরা যতই পাপ করি না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান থাকেন। তিনি চান, তার বান্দারা যেন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তাওবা করে এবং ক্ষমা চায়। আর এমনটি করলে আল্লাহ পাক অনেক খুশি হোন কিন্তু একজন প্রকৃত মুমিন কখনও বার বার ভুল করে না।
'আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তোমাদের কিছু গোনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতঃ তোমরা তো আমাদের মতই মানুষ! তোমরা আমাদেরকে ঐ উপাস্য থেকে বিরত রাখতে চাও, যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আনয়ন কর।' (সুরা ইবরাহিম : আয়াত ১০) তাই এটা ভাবা ঠিক নয় যে, আল্লাহ আমাকে কিছুই করবে না। অবশ্যই পাপের শাস্তি আল্লাহ দেবেন, এ থেকে কেউ রক্ষা পাবে না। কাউকে তিনি দ্রুত পাকড়াও করেন আবার কাউকে কিছু দিনের অবকাশ দেন।
