
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন বা সংস্কার ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। সরকারি দলের অবস্থান, বিরোধী দল সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে প্রতিনিধি না দিলে তাদের আর মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে না। অন্যদিকে বিরোধী দলের দাবি, জুলাই সনদ অনুযায়ী সংসদে আসনের অনুপাতে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির প্রায় ২৬ শতাংশ সভাপতির পদ তাদের পাওয়ার অধিকার রয়েছে।
