সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি দাউদ হোসেন জানান, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। ওই মামলায় আদালতের রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশ জানায়, আদালতের ওই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি প্রতারণা মামলায় সাজা হওয়ার পর তিনি পুলিশের কাছে গ্রেপ্তার হন।