
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৯:৪২

সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে কয়েকজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
সম্ভাব্য রদবদলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থ ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।
এদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সম্ভাবনার কথা জানা গেছে। বরিশাল-১ আসনের এই সংসদ সদস্য বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রণালয়টি নতুন দায়িত্বে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার তালিকায় আরও রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।
তবে মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, শেষ মুহূর্তে দায়িত্ব ও মন্ত্রণালয় বণ্টনে পরিবর্তন হতে পারে। শুক্রবার সন্ধ্যার শপথ অনুষ্ঠানের পরই মন্ত্রিসভার নতুন কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।