ওপেন হাউজ-ডে একটি জনকল্যাণমূলক প্লাটফর্ম। ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমাদেরও উপকার হয়। আমরা কিভাবে কাজ করলে আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সরাসরি জানা যায়। তাই অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কাউনিয়া থানায় আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।
বিএমপি কমিশনার আরো বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি। এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সে অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।
তিনি বলেন, বিট্রিশ ও পাকিস্তান আমল থেকে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা নিরসন করতে আমাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং বিএমপি’র নিরাপদ বরিশাল গ্র“পে অথবা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের অফিসারের যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারেন।
বিএমপি কমিশনার আরো বলেন, বর্তমান পুলিশ নারী বান্ধব, শিশু বান্ধব, জনবান্ধব পুলিশ। জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। বেশি বেশি তথ্য জেনে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উওর) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মাসুদ রানা, অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।