
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১৯:৩৯

কীর্তনখোলার তীরে বেড়ে ওঠা একটি বৈচিত্র ও ঐতিহ্যের শহর বরিশাল। এ শহরকে সুন্দর ও সমৃদ্ধশীল করতে বিভাগীয় শহর বরিশালকে ২০০২ সালে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। বরিশাল সিটির প্রধান সড়কগুলো বাদ দিলে অধিকাংশ সড়কই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় দেড় বছর ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো। চরম দুর্ভোগ পোহাতে হলেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে নগরবাসীর অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী, ওয়ার্ডের সার্বিক অবস্থা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দফতরে লিখিত আকারে জানানো হয়েছে। আর সিটি কর্পোরেশন সূত্র বলছে, ইতিমধ্যে তিনটি টেন্ডার ঘোষণা করা হয়েছে এবং এছাড়াআগামী দুই-এক মাসের মধ্যেই বেশিরভাগ সড়কের সংস্কার কাজ শুরু হবে।
ফলে ব্যস্ততম এসব সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নগরবাসীর অভিযোগ, দেড় বছরেরও বেশি সময় ধরে নগরীর সড়কগুলো খারাপ হতে থাকে। শুরুর দিকে সামান্য সংস্কার করলে সড়কগুলোর এমন ক্ষতি হতো না। কিন্তু কর্তৃপক্ষ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার কিছু সড়ক সংস্কারে নিম্নমানের কাজ হওয়ায় কয়েক মাসের মধ্যে সেগুলো আরও খারাপ হয়ে গেছে।
