তারল্য সংকটে পড়ায় বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। ব্যাংকটি চলমান অর্থনৈতিক চাপ ও গ্রাহক আস্থা সংকট সামাল দিতে এই সহায়তা চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গ্রাহকের আমানত উত্তোলন বেড়ে যাওয়ায় ব্যাংকের তারল্য পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। গত এক সপ্তাহে গ্রাহকেরা প্রায় ৫ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন। ফলে দৈনন্দিন লেনদেন ও গ্রাহক চাহিদা মেটাতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চায়।
এছাড়া ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংকের আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনেও আমানত আরও কমে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চলমান পরিস্থিতিতে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিক আমানত উত্তোলন ব্যাংকের তারল্য সংকট আরও গভীর করেছে।
ব্যাংকটি অতীতেও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছে বলে জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।