চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে অপরাগতা প্রকাশ করায় ১০ চিকিৎসক এবং একজন স্টোরকিপারকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এসব চিকিৎসক এবং কর্মকর্তাকে বরখাস্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব তাদের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টারে রূপ দেয়া চিকিৎসা কেন্দ্রটি ১৩ জুন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখনো কোনো রোগী ভর্তি হয়নি। আগামী দু’একদিনের মধ্যে আড়াইশ’ শয্যার এ আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি করানোর কথা রয়েছে। মূলত মৃদু করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে এখানে।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এসব চিকিৎসককে নবগঠিত আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেয়া হয়েছিল। এমনকি তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের পাশাপাশি সুযোগ-সুবিধাও বাড়ানো হয়। কিন্তু আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেন। একই সঙ্গে ওই আইসোলেশনে স্টোরকিপারও যোগ দিতে অপরাগতা জানানোর কারণে ১১ জনকেই বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, সোমবার থেকে আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনের কথা থাকলেও রোববার থেকেই তারা অফিসের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একাধিকবার ফোন দিলেও এদের অনেকেই ফোন ধরা থেকে বিরত থাকেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানার পর পরই কর্পোরেশন এসব চিকিৎসককে বরখাস্ত করে। বরখাস্ত হওয়া চিকিৎসকদের একটি অংশ আর্থিকভাবে সচ্ছল থাকায় করোনা রোগীদের সেবা দিতে আগ্রহী হয়নি বলে ধারণা করছেন তিনি। এর মাঝে বেশ কজন রয়েছেন নবীন চিকিৎসক।