
প্রকাশ: ১৬ মে ২০২১, ২২:৩৮

ভারতে আটকে থাকা বাংলাদেশী যাত্রীরা হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরার সময় সীমান্তের জিরো পয়েন্টে চেকপোস্ট গেটের দক্ষিণ পার্শ্বে স্হানীয় উপজেলা প্রশাসনের অস্থায়ী শেড নির্মাণে বাঁধা দিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধসহ যাত্রি পারাপার বন্ধ করে দিয়েছে স্থানীয় পৌর মেয়র ও বন্দরের ব্যবসায়ীরা। এর ফলে রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। অন্য দিকে আমদানি রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তের ওপারে আটকা পড়েছে বেশ কিছু পণ্যবাহী ট্রাক।
হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি আব্দুল আজিজ জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ সকাল থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভারতে আটকা পড়া বাংলাদেশী যাত্রীদের দেশে ফিরতে হিলি ইমিগ্রেশন, স্হানীয় উপজেলা প্রশাসন ও বন্দরের ব্যবসায়ী সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
ভারতী থেকে আসা বাংলাদেশী যাত্রীদের তথ্য সংগ্রহের জন্য সীমান্তের চেকপোস্ট গেটের পার্শ্বে একটি অস্থায়ী শেড তৈরী করা হচ্ছিল কিন্তু নির্মাণ কাজে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) বাধা দেয়। ফলে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত বন্দরের আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, আজ ১৬ মে থেকে ভারতে আটকে থাকা যাত্রীদের দেশে ফিরতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট চালু হয়েছে। সে কারনে ভারত থেকে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ করতে সীমান্তের চেকপোষ্ট গেটের দক্ষিণ পার্শ্বে অস্থায়ী শেড নির্মান কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মৌখিকভাবে জানানো হয়েছিল।
কিন্তু আজ বিকেলে তারা নির্মান কাজে বাঁধা দিলে শেড নির্মান বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে যতদিন পর্যন্ত এর সমাধান না হবে ততোদিন আমদানি রফতানিসহ যাত্রি পারাপার বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।