
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার অপকর্ম নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ সংগঠনের শীর্ষ নেতৃৃত্ব নিয়ে সর্বত্র প্রশ্ন উঠেছে। সরকারি দল আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালে এ সংগঠনের জন্মলগ্ন থেকেই এর নেতৃত্বে রয়েছেন। পাপিয়া কান্ড প্রকাশের পর থেকেই যুব মহিলা লীগের দুই শীর্ষ নেতা নাজমা আকতার ও অপু উকিল দলীয় পদ হারাচ্ছেন কি না তা নিয়ে সব মহলে আলোচনা চলছে। তাদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্যায়ে কথা বলে জানা গেছে, যুব মহিলা লীগকে শিগগিরই ঢেলে সাজানো হতে পারে। সে ক্ষেত্রে নাজমা আক্তার ও অপু উকিলেরও অন্য দুই সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের মতো ভাগ্য বরণ করতে হতে পারে। এর আগে ক্যাসিনো কান্ডে সমালোচিত হয়ে আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওমর ফারুক চৌধুরীকে। একই ঘটনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীমসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। এর আগে দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পদ ছাড়তে হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে।
