মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। জনগণ পুলিশ এক হয়ে কাজ করে দুষ্ট দমনে সোচ্চার হতে হবে। আমরা সকলেই আন্তরিক, দু’একজন ব্যতিক্রম থাকলে কোন ছাড় দেয়া হবে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) একথা বলেন।
তিনি বলেন,সভায় শীর্ষ কর্মকর্তা হিসেবে হয়তো আমাকে প্রধান অতিথি বলা হয়, তবে আমি নিজেকে কোন অতিথি হিসেবে নয়, জনগণের সর্বশেষ আশ্রয়স্থল থানায় সেবার মান কেমন তা সরাসরি সবার সম্মুখে শুনে কিভাবে আরও আন্তরিক হয়ে জনগণের দোরগোড়ায় জনগণকে সম্পৃক্ত করে পরিপূর্ণ সেবা পৌঁছে দেয়া যায় তা জানতে দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে উপস্থিত হই। বিএমপি কমিশনার বলেন, অনেকেই জানিয়েছেন আমরা মাদক ছেড়ে দিয়েছি কিন্তু সমাজ বলছে তারা অপরিবর্তিত। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, মুখোশ পড়ে, ঢাল ব্যবহার করে শুধু মুখে ভালো হয়েছি বললেই হবে না, ভেতর থেকে ভাল হতে হবে। ভালদের অবশ্যই আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করবো।
মোঃ শাহাবুদ্দিন খান বলেন, বিট পুলিশিং হলো একটি নির্ভেজাল সেবা মাধ্যম। থানা হলো মূল সেবা কেন্দ্র। আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে অফিসার নিয়োগ করেছি। তারা স্থানীয়দের কাছের মানুষ হয়ে, ঘরের পুলিশ হয়ে, জনবান্ধব পুলিশ হয়ে দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে।
মহামারি করোনা প্রসংগে তিনি বলেন, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা নিয়ে কোন অবহেলা নয়, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে। জীবন বাঁচাতে মহামারীর প্রকোপ কমিয়ে আনতে আমরা আবার অভিযান শুরু করবো।
তিনি বলেন, আগে কি ছিলো জানা নেই, আমরা অনৈতিক কর্মকান্ডে জিরোটলারেন্স নীতি নিয়ে একটি নতুন বরিশাল দেখতে চাই। কোথাও কোন অনৈতিক কর্মকান্ড চলছে কি-না তা পুলিশকে অবহিত করার আহবান জানান তিনি। এছাড়া জনগণের আন্তরিকতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমন করে একটি জনমুখী গণমুখী পুলিশিং এর মাধ্যমে নিরাপদ নগরী উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন বিএমপি কমিশনার।