সপ্তাহের ব্যবধানে দাম কমেছে মাছের বাজারে। কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মাছ।পাশাপাশি দাম কমেছে মুরগি এবং ডিমের বাজারেও। পাঁচ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা, মগবাজার, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার, শান্তিনগর, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি বাজার ও খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।
কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে কাচকি মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা করে। মলা ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৪৫০ টাকা, নদীর টেংরা (বড়) ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং (আকারভেদে) ২৫০ থেকে ৩৮০ টাকা, দেশি শিং ৬০০ থেকে ৭৫০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩০০ থেকে ৪০০ টাকা, কৈ মাছ ১৫০ থেকে ১৬০ টাকা, মৃগেল ১৬০ থেকে ২৮০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৫০ টাকা, কাতল (আকারভেদে) ১৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
তবে অপরিবর্তিত আছে পাবদা, রুই ও তেলাপিয়া মাছের দর। প্রতিকেজি পাবদা মাছ ২৮০ থেকে ৩৫০ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে।দাম কমেছে ইলিশেরও। কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমে এসব বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। সোয়া কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ৫০ টাকা কেজি। ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা করে। এছাড়া ছোট ইলিশ আকারভেদে ৩০০ থেকে ৩৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
ডজনে পাঁচ টাকা কমে এসব বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা করে। ১০ টাকা কমে সোনালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি মুরগির ডিম; ১৬০ থেকে ১৭০ টাকা ডজন।কেজিতে পাঁচ টাকা কমে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা করে। ১০ থেকে ২০ টাকা কমে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। তবে আগের দামেই বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি; ২৫০ থেকে ২৭০ টাকা কেজি। এছাড়া দেশি মুরগি ৫৫০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। আর ছোট রোস্টের মুরগি প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।