
কোভিড আটকানোর নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সম্প্রতি বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গবেষণার পর হু-কে লিখিত ভাবে জানিয়েছিলেন যে কোভিড-১৯ ভাইরাস বাতাসে ভেসে দীর্ঘ ক্ষণ বেঁচে থাকতে পারে। আর তার ভিত্তিতেই হু ঘোষণা করেছে, নভেল করোনাভাইরাস এরোসলের মাধ্যমে বাতাসে ভেসে বেড়ায়।
এর মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ভিড় ও বদ্ধ জায়গা এড়িয়ে চলুন। যদিও এখনও পর্যন্ত এরোসলের মাধ্যমে কোনও মানুষ সংক্রমিত হয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। এমনটাই জানালেন চিকিৎসক কুণাল সরকার।আর এই কারণেই হু-র মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত এরোসল বাহিত হয়ে সংক্রমণের কোনও ঘটনার কথা জানা যায়নি, কিন্তু তা-ও ভাইরাসের অতিমারির সময়ে কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়।
