
প্রকাশ: ৪ জুলাই ২০২০, ৩:১৩

বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন। আর আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে। প্রতিদিন এ সংক্রমণের হার বেড়েই চলছে, সাথে মৃত্যুর সংখ্যাও। করোনায় পুরো বিশ্বই বেসামাল। যার প্রভাব পড়ছে দেশের অর্থনৈতিক কর্মকা-, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সবগুলো খাত। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের সরকারও শিল্প কারখানা, ব্যাংক, ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলোকে চালিয়ে রাখার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মূলে যেহেতু দেশ ও জাতির আগামী প্রজন্ম শিশু, কিশোর ও যুবক, তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে বদ্ধ পরিকর সরকার। সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। যা হয়ে উঠতে পারে করোনা পরবর্তীকালে আরও ভয়ংকর।
কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে শিক্ষার্থীরা বাসায় বসে অনেক ক্লান্তি ও অস্বস্তি বোধ করে থাকে। ছাত্রছাত্রীদের দৈনন্দিন রুটিন কর্মের মারাত্মক ব্যাঘাত ঘটে। শিক্ষার্থীদের এ জাতীয় রেগুলার কাজের মাঝে অনিয়মিতভাব পরিলক্ষিত হয় যা তাদের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষতি বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের মানসিক উন্নয়নের জন্য যা হুমকিস্বরূপ।
