আসছে পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটিতে এবার ২৪টি অস্থায়ী কোরবানির পশু বিক্রির হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৪টি হাট বসবে। এছাড়া গাবতলীর স্থায়ী গবাদি পশু বিক্রির হাটেও চলবে কোরবানির পশু বেচাকেনা। দুই সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে এসব তথ্য।
ডিএসসিসি সূত্র জানা গেছে, গত ১৪ জুন ১৪টি হাটের অস্থায়ী ইজারার জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগামী ২৮ জুন প্রথম পর্যায়ে দরপত্র কেনার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ জুন। দ্বিতীয় পর্যায়ে দরপত্র কেনার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই। আর জমা দেয়ার শেষ সময় ৯ জুলাই। তৃতীয় পর্যায়ে দরপত্র কেনার শেষ সময় ১৯ জুলাই এবং জমা দেয়ার শেষ সময় ২০ জুলাই।
দরপত্র আহ্বান করা ডিএসসিসি এলাকার অস্থায়ী পশুর হাটগুলো হলো- উত্তর শাহজাহান পুরের মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অফ লেদার টেকনোলোজি মাঠ সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যান বাড়ি থেকে দক্ষিণ বুড়িগঙ্গা বাঁধ পর্যন্ত খালি জায়গা, পোস্তাগোলা শ্মশান ঘাট এলাকার খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগে বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকা, ডিএসসিসির আফতাফ নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি ও এইচ এবং সেকশন ১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা।