
প্রকাশ: ২ জুন ২০২০, ২৩:৪৬

৭২ বছর বয়সী নুরুল আলম বসবাস করেন কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়- উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া এলাকায় তাকে মারধর করছেন কয়েকজন যুবক। কিল-ঘুষি মেরে তার পরনের লুঙ্গি-গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলছেন, সঙ্গে চলছে অকথ্য গালাগালি।
১ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়- নুরুল আলমকে প্রথমে চড় থাপ্পড় দিচ্ছেন আনছুর আলম। এ সময় তার অন্যান্য সহযোগীরা আশপাশ ঘিরে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে নুরুল আলমের লুঙ্গি খুলে ফেলেন তিনি। এ সময় বাধা দিতে গেলে তার গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন আনছুর আলম। এরপর অনবরত তাকে কিল-ঘুষি মারতে থাকেন। আনছুরকে নুরুল কিছু একটা বোঝাতে চাইলেও তিনি মানছিলেন না। আঙুল তুলে শাসিয়ে গালি-গালাজ করে কথাবার্তাও বলেন আনছুর আলম।
