আগামীকাল শনিবার মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন নবনির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব বুঝে নিচ্ছেন তাপস।তার কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা ছিল বিদায়ী মেয়র সাঈদ খোকনের।
কিন্তু তিনি আর নগর ভবনে ফিরছেন না বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। গত ১৩ মে শেষ অফিস করেন সাঈদ খোকন। ওই দিনই তার অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নিয়ে নেন মেয়র খোকন। তবে সিদ্ধান্ত পাল্টে যদি বিদায়ী মেয়র দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আসেন তাহলে তিনিই নবাগত মেয়রের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
নতুবা তাপসের হাতে দায়িত্ব তুলে দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক।
বিদায়ী মেয়রের দায়িত্ব হস্তান্তর ও নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়ে গত ১০ মে প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে নগর ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০১১ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ ১৬ মে উত্তীর্ণ হবে।