মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ১০ ব্র্যান্ডের সরিষার তেল ও সাত ব্র্যান্ডের গুঁড়া মসলাসহ ৪৩টি পণ্যের উৎপাদন-বিক্রি নিষিদ্ধ করেছে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান-বিএসটিআই। নিষিদ্ধের তালিকায় ৭ ব্র্যান্ডের লবণও রয়েছে। সোমবার বিএসটিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই ৪৩ পণ্যে নির্ধারিত মান পাওয়া যায়নি।
এর মধ্যে ৩৩ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্য। সুরেশ সরিষার তেল, ড্যানিশের তিন ধরনের গুঁড়া মসলা, পূবালীর লবণ এবং বোম্বে সুইটসের আলুজ চিপসও রয়েছে। এর বাইরে রয়েছে রাজশাহীর কয়েকটি ফিলিং স্টেশনের ১০ ধরনের জ্বালনি তেল।
সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পণ্যের মানের উন্নয়ন ঘটিয়ে পুনরায় অনুমোদন নেওয়ার আগ পর্যন্ত এসব পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিএসটিআইএর সিএম বিভাগের সহকারী পরিচালক রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব খাদ্যপণ্যের মান খারাপ পাওয়া গেছে সেগুলো ব্যাচ ধরে ধরে নিষিদ্ধ করা হয়েছে। আর যেসব জ্বালানি তেলের মান বাংলাদেশ স্ট্যান্ডার্ডের নিচে নেমে গেছে সেগুলোর বিক্রি বন্ধ রাখতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব তেল কোন পর্যায়ে দুষিত হয়েছে সেটা প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর।”
দেশে উৎপাদিত ও বিপণন হওয়া ১৮১টি পণ্যের বাধ্যতামূলক মান সনদ দিয়ে থাকে বিএসটিআই। মাহে রমজান উপলক্ষে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করার কথা জানানো হয়েছে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর মধ্যে প্রথম ধাপে ২৫১টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে এর আগে ১৭টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করে বিএসটিআই। বাকি আরও ২৭০টি নমুনার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এবার ৪৩টি পণ্য নিষিদ্ধ করা হল।