
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ২২:২৭

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে সাধারণ ছুটি। এরই মধ্যে আগামীকাল থেকে বিভিন্ন অঞ্চলে চালু হচ্ছে পোশাক কারখানা। এর জের ধরে নিজ নিজ কর্মস্থলে ছুটে চলেছেন পোশাক শ্রমিকরা। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন শ্রমিক সংগঠনের নেতা ও সংশ্লিষ্টরা।
শনিবার বিকেল ৪টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিভিন্ন মহাসড়ক দিয়ে হেঁটে ও রিকশাযোগে যাতায়াত করতে দেখা গেছে। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার কর্টেজ গার্মেন্টস লিমিটেডের ফিনিশিং শাখার সিনিয়র অপারেটর হাসিনা আক্তার। বাড়ি নেত্রকোনার সুসং দুর্গাপুর উপজেলার লক্ষীপুরা গ্রাম থেকে ফিরেছেন তিনি। হাসিনা বলেন, “সরকার আর গার্মেন্টস মালিকেরা আমাদেরকে নিয়ে মরণ খেলা খেলতেছে। সরকার বলে ঘরে থাকতে, মালিক বলে রাস্তায় বের হও। আমাদের কোনো উপায় নেই।”
