করোনাভাইরাসের কারণে ‘মানুষ সচেতন থাকায়’ বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে মনে করেন দলের মহাসচিব মুফতি মাহফুজুল হক। তিনি দাবি করেন, মানুষ সচেতন না হলে আরও নয়গুণ বেশি মানুষের সমাগম হতো। মুফতি মাহফুজুল হক নিজেও মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নিতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বেড়তলা মাদ্রাসায় গিয়েছিলেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি বলেন, ‘মাওলানা আনসারী সাহেব একজন জনপ্রিয় আলেম, ইসলামী বক্তা। দেশব্যাপী তার যে জনপ্রিয়তা, করোনাভাইরাসের লকডাউনের কারণে দশভাগের একভাগ মানুষও উপস্থিত হতে পারেননি। এই যে নয়ভাগ লোক কম হলো, তা কিন্তু সচেতনতার কারণেই।’
মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লকডাউন ভেঙে লক্ষাধিক মানুষের সমাগম বিষয়ে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘যারা অংশ নিয়েছেন, তাদের অধিকাংশ মানুষই কিন্তু কাছাকাছি থাকেন। দূর-দূরান্তের মানুষ খুবই কম। মাওলানা আনসারী আমাদের দলের সিনিয়র নায়েবে আমির ছিলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি, সে কারণে আমরা একটা দায়িত্ববোধ আর দায়বোধ থেকেই কিছু মানুষ গিয়েছি। অনেকেই চেয়েছিলেন জানাজায় শরিক হতে। কিন্তু আমরা তাদের বলেছি যার-যার অবস্থান থেকে দোয়া করাটাই কর্তব্য। আর সবার পক্ষ থেকে আমরা দুই চারজন জানাজা পড়ে আমাদের দায়িত্ব সারার চেষ্টা করেছি।’
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানাজায় লাখ-লাখ মানুষ হয়েছে। তিনি জানান, মাওলানা আনসারীর জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনাঈদ আল হাবীব, বেফাকের সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জামিআ ইউনুছিয়ার মুহতামিম মাওলানা মোবারক উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, রাবেতাতুল ওয়াজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাধারণ সম্পাদক মাওলানা হাসান জামিল, বাংলাদেশ খেলাফত মজলিস বি-বাড়িয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার মঈনুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতারা।