
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ২২:৪১

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই বলে ক্ষমতাসীনরা যে সমালোচনা করেছেন তার কড়া জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দৃঢ়তার সঙ্গে বলছি, সর্বশক্তি নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ্। নিজেদের ভয়ঙ্কর ও মারাত্মক ভুলগুলো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে সরকার বিএনপির সমালোচনায় ব্যস্ত’।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে নানামুখী মূল্যায়ন ও করণীয় তুলে ধরে এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাস এখন ভয়াবহ অদৃশ্য দানবের মতো গোটা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবে বিএনপি সারা দেশে ইতোমধ্যে পাঁচ লাখ পরিবারের কাছে বিএনপি দেয়া সাহায্য পৌঁছিয়েছে।

সরকারকেই উদ্যোগী হয়ে এই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে- এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টা হচ্ছে, একটা রাষ্ট্রের মূল চালিকাশক্তি সরকার। সরকারের যদি জনগণের সঙ্গে কোনও সম্পর্ক না থাকে তবে কোনও দায়দায়িত্বও থাকে না। একেবারে অ্যাকাউন্টিবিলিটি, মানুষের প্রতি দায়বদ্ধতা, কমিটমেন্ট এটা থাকে না। যার ফলে সরকার উপলব্ধিই করছে না, এখন যেটা সরকার সেটা হচ্ছে যে, সবাইকে একখানে আনা এবং একটা ধারণা সৃষ্টি করা- আমরা যা কিছু করছি ঐক্যবদ্ধভাবে করছি।