অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের দাফন নিয়ে অনেক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। করোনায় মৃত ভেবে রাস্তায় পড়ে থাকা লাশের কাছে ঘেঁষছে না কেউ। এরই মধ্যে করোনা আক্রান্তদের জানাজা ও দাফন সঠিক ইসলামী নিয়মে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন এক ঝাঁক আলেম। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় তার এ কাজটি করার উদ্যোগ নিয়েছেন।
মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে কয়েকজন আলেম এ কাজে জড়িত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- এইচ এম লুৎফর রহমান, হিফজুর রহমান, সালমান বিন সাজিদ, নুরুননাবী নুর, কারী ওসামা বিন নিজাম ও মোহাম্মদ রাফী। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার আরও ৬০/৭০ জন আলেম এ কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে মাওলানা গাজী ইয়াকুব বলেন, করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে আমাদের মোবাইল নম্বর ০১৯২০৭৮১৭৯২ নম্বরে ফোন করলে আমরা সেখানে পৌঁছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করব। কারও যদি কাফনের কাপড় প্রয়োজন হয় আমরা তারও ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিন-চার ঘণ্টা পর তার শরীরে আর জীবাণু থাকে না। এ জন্য আমরা কেউ কল করলে তিন-চার ঘণ্টা পর তার জানাজা-দাফনের ব্যবস্থা করব।
মাওলানা ইয়াকুব বলেন, শুধু জানাজা-দাফনই নয়, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে খাবার ও স্যানিটাইজার বিতরণসহ আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। এখন করোনায় মৃতদের জানাজা-দাফনের এই উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, বিভিন্ন দেশে আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সংকটের কথা শুনেছি। এ জন্য আমরা চাচ্ছি আমাদের দেশে যেন সে রকম না ঘটে। ইসলামী শরিয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজা-দাফন হয় সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।